প্রদীপ রায়, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরলে মোজাম্মেল হোসেন চৌধুরী ও মাসুদ হাসান চৌধুরী স্মৃতি কাবাডি টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
শুক্রবার (১৩ নভেম্বর) বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাজনাহার এলাকায় উত্তরণ ক্লাব ও পাঠাগারের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি পিনাক বলেন, যুবসমাজকে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে। খেলাধুলা শরীর ও মন সতেজ রাখার পাশাপাশি মাদকাসক্তি থেকে দূরে থাকতে সহায়তা করে। এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল এমরান। এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. বাবুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রোস্তম আলীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে প্রতিযোগিতামূলক কাবাডি খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
স্থানীয় পর্যায়ে কাবাডি খেলার প্রসার এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করেছে উত্তরণ ক্লাব ও পাঠাগার।