গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টে নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন দলীয় সভার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতভর বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টে আওয়ামী লীগের একটি গোপন দলীয় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা সফরের আড়ালে আয়োজিত ওই সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় সাবেক সংসদ সদস্য রনজিত সরকারসহ ১৯৫ জনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা করা হয়। পরবর্তী সময়ে ১১ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি নথিভুক্ত করা হয়।
মামলার পরিপ্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকার বিভিন্ন স্থানে রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ (৩০), উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহীন আহমদ (৪৪), ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম (৬৩), পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. ইসমাইল আহমদ ওরফে ইয়াছিন আরাফাত (২৩), উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আমির উদ্দিন (২৯), পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক আহমদ (৪২), উপজেলা তাঁতী লীগের সহসভাপতি মস্তাক আহমদ (৩৮), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রহমান (৩২) এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লিটন সাওতাল (৪০)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানার মামলা নম্বর ১১/৩৫০, তারিখ ১১ নভেম্বর ২০২৬। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৬(২), ৭(৩), ৮, ৯(৩), ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় মামলাটি করা হয়েছে।
রাতারগুলের ওই সভাকে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সভার আয়োজন, অংশগ্রহণকারী এবং এর নেপথ্যের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তদন্তের মধ্যেই নতুন করে ৯ জনের গ্রেপ্তারের ঘটনা সামনে এলো। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।