লংগদুতে করল্যাছড়ি বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:
রাঙ্গামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি বাজার পরিচালনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোঃ আব্দুস সাত্তার এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।
২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১নং আটারকছড়া ইউনিয়ন পরিষদ হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোঃ আব্দুস সাত্তার ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নাছির উদ্দীন পান ৩৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন ৪০ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী মোঃ রবিউল হোসেন পান ৩৮ ভোট।
এছাড়াও যুগ্ম সম্পাদক পদে কামরুল হাসান এবং অর্থ সম্পাদক পদে মোঃ রাসেল নির্বাচিত হন।
নির্বাচনকালীন সময়ে উপস্থিত ছিলেন ১নং আটারকছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অজয় মিত্র চাকমা, ইউপি সদস্য মোঃ ইউসুফ আলী এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ১নং আটারকছড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আল আমিন ইমরান।








