অভয়নগরে শফিকুল হত্যা রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার
মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:
যশোরের অভয়নগরের বাসিন্দা শফিকুল ইসলাম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রায় এক বছর পর মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআই সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৬ আগস্ট খুলনার লবণচরা থানার পুটিমারি এলাকায় কাজীবাছা নদীর তীরে বস্তাবন্দি একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে রূপসা নৌ পুলিশ ঘটনাস্থল থেকে পচনধরা অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
প্রথমদিকে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, নিহত ব্যক্তি যশোরের অভয়নগর উপজেলার পাইকপাড়া গ্রামের মো. শফিকুল ইসলাম (৪৫)। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হলে আদালতের নির্দেশে তদন্তভার পায় পিবিআই।
তদন্তে জানা যায়, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে শফিকুল ইসলামকে হত্যা করা হয়। পরে মরদেহ গোপন করতে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় অভয়নগর উপজেলার ভূগিলহাট গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে দ্বীন ইসলাম শেখসহ কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পায় পিবিআই। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে গত ২১ এপ্রিল ২০২৬ বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দ্বীন ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পিবিআই কর্মকর্তারা জানান, এ হত্যাকাণ্ডে আরও ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।







