সিরাজগঞ্জে বৈদ্যুতিক তারে জড়িয়ে থাকা বাঁশ কাটতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বৈদ্যুতিক তারে পড়ে থাকা বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধূবিল ইউনিয়নের চকদাদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদুল ইসলাম ওই গ্রামের মো. গাজীউর রহমান গাজীর ছেলে। তিনি পেশায় কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গ্রামের একটি বাঁশঝাড় থেকে কাটা একটি বাঁশ ঝড়ে বা অন্য কোনো কারণে বিদ্যুতের লাইনের ওপর পড়ে ছিল। এতে এলাকাবাসীর চলাচলে ঝুঁকি তৈরি হয়। বিষয়টি দেখে ফরিদুল ইসলাম নিজ উদ্যোগে বাঁশটি সরানোর চেষ্টা করেন। একপর্যায়ে দা দিয়ে বাঁশ কাটতে গেলে অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসেন এবং সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবারে চলছে আহাজারি। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
স্থানীয়দের অভিযোগ, অনেক সময় বিদ্যুতের লাইনের আশপাশে গাছপালা বা বাঁশ পড়ে থাকলেও তা দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা দেখা যায় না। ফলে এমন দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়।
এদিকে, সচেতন মহল বিদ্যুতের লাইনের কাছাকাছি কোনো ঝুঁকিপূর্ণ বস্তু অপসারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।








