গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে দিনব্যাপী চাকরি মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এসেট প্রকল্পের অর্থায়নে প্রতিষ্ঠান চত্বরে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে কলেজের সভাকক্ষে আয়োজিত সেমিনারের উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল হক।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ সেলিম মৃধা এবং ঢাকার দোহারের জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আইয়ুবুর রহমান। এ সময় শিক্ষক, কর্মকর্তা এবং বিপুলসংখ্যক চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে জেলা প্রশাসক ফিতা কেটে চাকরি মেলার উদ্বোধন করেন। পরে তিনি মেলায় অংশ নেওয়া ১১টি প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন এবং প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় চাকরিপ্রত্যাশী গ্রাজুয়েট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহ দেন।
আয়োজক প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল হক বলেন, দেশে বেকারত্ব কমাতে বিদেশি দাতা সংস্থার সহযোগিতায় এসেট প্রকল্পের আওতায় এ মেলা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের সিভি সংগ্রহ করছে এবং দক্ষতা যাচাইয়ের মাধ্যমে চাকরির সুযোগ তৈরি করবে।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








