হাতীবান্ধায় পারিবারিক কলহে যুবক নিহত: আটক ১
নিজস্ব প্রতিবেদক,
লালমনিরহাটের হাতীবান্ধায় পারিবারিক তুচ্ছ ঘটনার জেরে চাচার বেধড়ক পিটুনিতে আকতারুজ্জামান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আকতারুজ্জামান উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নিহতের বাড়ির উঠানে প্রতিবেশী মনিরুজ্জামানের ছেলে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। এসময় আকতারুজ্জামান তাকে গালিগালাজ করতে নিষেধ করে বাড়িতে পাঠিয়ে দেন। এই ঘটনার জের ধরে মনিরুজ্জামান, শাহিনুর ও আব্দুল মতিন লাঠিসোঁটা নিয়ে অতর্কিত আকতারুজ্জামানের ওপর হামলা চালায়। হামলাকারীদের লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল হক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যুবক।
ঘটনার পর হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে আব্দুল মতিন নামে একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।








