রাণীশংকৈলে নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীবের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২ এপ্রিল) ১২ টার সময় আহমেদ হোসেন বিপ্লবের সভাপতিত্বে সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ প্রধান শিক্ষক আহসান হাবীবের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর স্নেহ, শাসন ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান ও স্মৃতিচারণের মাধ্যমে প্রিয় শিক্ষকের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত অনেকেই।
শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক আহসান হাবীবকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। বিদায়ী বক্তব্যে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদ্যালয়ের উন্নতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানটি ছিল স্মৃতিময়, আবেগঘন ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানোর এক অনন্য উদাহরণ।








