উল্লাপাড়ায় ভুয়া সংস্থার ফাঁদ: রেশন কার্ডের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়া, গ্রেপ্তার ২
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘কেএসবি’ নামে একটি ভুয়া সংস্থার মাধ্যমে ফ্যামিলি ও রেশন কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার মিনারপাড়া গ্রামের আল আমিন হোসেন আলাল এবং মহিষাকোলা গ্রামের আব্দুল হাকিম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে আল আমিন ও আব্দুল হাকিম দুর্গানগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ‘কেএসবি’ নামে একটি কথিত সংস্থার প্রচারণা চালাচ্ছিল। তারা দাবি করছিল, তাদের মাধ্যমে ফ্যামিলি কার্ড ও রেশন কার্ড তৈরি করে দেওয়া হবে। প্রতিটি কার্ডের জন্য ১ হাজার ১২০ টাকা জমা দিলে ২ হাজার ৭০৫ টাকার সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হবে—এমন লোভনীয় প্রস্তাব দিয়ে তারা সাধারণ মানুষকে আকৃষ্ট করে।
এই প্রলোভনে পড়ে অনেক সহজ-সরল মানুষ তাদের হাতে নগদ টাকা, ভোটার আইডি কার্ডের ফটোকপি ও পাসপোর্ট সাইজ ছবি জমা দেন।
বিষয়টি দুর্গানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমানের নজরে এলে তিনি দ্রুত পদক্ষেপ নেন। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো বৈধ কাগজপত্র বা সংস্থার অস্তিত্বের প্রমাণ দেখাতে ব্যর্থ হয়। এতে তাদের প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়।
পরবর্তীতে শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তায় অভিযুক্ত দুইজনকে উল্লাপাড়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রূপু কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, এখন পর্যন্ত কতজন মানুষের কাছ থেকে তারা অর্থ হাতিয়ে নিয়েছে তা নির্দিষ্টভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কিনা, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে এ ধরনের ভুয়া প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।








