মাহবুবুল আলম রিপন, নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ধামরাই পৌর শহরের হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষা বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটিতে বিজ্ঞান বিভাগে ৫ হাজার ২৩৫ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ৫ হাজার ১১৫ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা।
অভিযোগ অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি অনুসারে বিজ্ঞান বিভাগে ২ হাজার ৪৩৫ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ২ হাজার ৩১৫ টাকা নেওয়ার কথা। সে হিসাবে প্রতিটি বিভাগেই নির্ধারিত ফির চেয়ে ২ হাজার ৮০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। অতিরিক্ত এই অর্থ আদায় নিয়ে নিম্ন আয়ের অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
অভিভাবকদের অভিযোগ, বাড়তি অর্থের কারণে অনেক পরিবার সন্তানদের পরীক্ষার ফরম পূরণ করতে আর্থিক সংকটে পড়েছে। দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জুলেখা বেগম বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাঁদের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে বিজ্ঞান বিভাগে ৫ হাজার ২৩৫ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ৫ হাজার ১১৫ টাকা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুসারেই শিক্ষার্থীদের কাছ থেকে এ অর্থ আদায় করা হচ্ছে। এতে তাঁদের একক কোনো সিদ্ধান্ত নেই।
আহমেদ নামের এক অভিভাবক বলেন, রাজধানীর আইডিয়াল স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বোর্ড নির্ধারিত ফি অনুযায়ী ফরম পূরণ করা হচ্ছে। অথচ তাঁদের প্রতিষ্ঠানে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে। নিম্ন আয়ের পরিবারের পক্ষে এই বাড়তি টাকা জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করেই এসএসসি পরীক্ষার ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে। এটি প্রধান শিক্ষক জুলেখা বেগমের একক সিদ্ধান্ত নয়।
হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন বলেন, শিক্ষার্থীদের অতিরিক্ত দুই মাস পাঠদানের শর্তে ওই দুই মাসের জন্য ২ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। এ ছাড়া এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষা বোর্ড নির্ধারিত ফিই আদায় করা হচ্ছে।
তবে বোর্ড নির্ধারিত ফি ও অতিরিক্ত দুই মাসের পাঠদানের জন্য নেওয়া অর্থের হিসাব, আদায়ের অনুমোদন এবং এ অর্থ গ্রহণের নিয়ম সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন বলে মনে করছেন অভিভাবকেরা।