খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দেশব্যাপী অগ্নিসংযোগ, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২৩ নভেম্বর) সকালে নাসিরনগর উপজেলা সদরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য এম এ হান্নানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য এম এ হান্নানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য কে এম বশির উদ্দিন তুহিন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মো. হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহসভাপতি আলহাজ মো. জহিরুল হক খোকন (ভিপি জহির), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আজম খান ও মো. মাঈনুল হোসেন চপল, জেলা শ্রমিক দলের সভাপতি মোস্তফা মিয়া এবং জেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্লাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্য হুমকি। তিনি এসব ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা বলেন, অতীতে দেশে গুম, খুন, নির্যাতন ও ভোটাধিকার হরণের মতো ঘটনা ঘটেছে। ছাত্র-জনতার আন্দোলনের পরও কোনো গোষ্ঠী যেন অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে জন্য সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারা অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।
বক্তারা আরও বলেন, নাসিরনগর সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির জনপদ। এ অঞ্চলে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা অগ্নিসংযোগ ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিল চলাকালে উপজেলা সদরের প্রধান সড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি দেখা দেয়।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।