সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ২ নম্বর বাঙ্গালা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অফিস সময়ে পরিবার কল্যাণ পরিদর্শিকাকে উপস্থিত না পাওয়ায় সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। কেন্দ্রটির পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছা. ক্ষণা পারভিনের বিরুদ্ধে অনিয়মিত কর্মস্থলে উপস্থিতি, দায়িত্ব পালনে অবহেলা এবং সরকারি সরঞ্জাম ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মো. রায়হানুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে একই ধরনের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে কেন্দ্রটি পরিদর্শন করা হয়। ওই সময়ও পরিবার কল্যাণ পরিদর্শিকাকে ঘিরে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে দাবি করা হয়েছে। পরিদর্শনকালে কেন্দ্রের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করা হয়। তবে স্থানীয়দের অনুরোধে তাকে ভুলত্রুটি সংশোধনের সুযোগ দিয়ে সেদিন বিষয়টি আর এগোনো হয়নি।
কিন্তু এরপরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় গত ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ৯টা ২৪ মিনিট থেকে ১০টা পর্যন্ত পুনরায় কেন্দ্রটিতে সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছা. ক্ষণা পারভিনকে কর্মস্থলে পাওয়া যায়নি। পরিদর্শনকালে কেন্দ্রের ভেতরের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করা হয়।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, সরকারি ওষুধ সরবরাহ বন্ধ থাকার অজুহাতে অফিস সময়েও কেন্দ্রে নিয়মিত সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ছাড়া সরকারি সরবরাহকৃত চার্জার লাইট, এমআরসহ বিভিন্ন ইন্সট্রুমেন্ট এবং টেবিল-চেয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগও রয়েছে। এসব অভিযোগের বিষয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
অভিযোগের বিষয়ে পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছা. ক্ষণা পারভিন বলেন, “দূরবর্তী স্থান পূর্ণিমাগাঁতী থেকে আসতে অনেক সময় দেরি হয়ে যায়।” তবে সরকারি সরঞ্জাম ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগসহ অন্যান্য বিষয়ে তিনি স্পষ্ট কোনো বক্তব্য দেননি।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. নাজিরা খাতুন জানান, পরিবার কল্যাণ পরিদর্শিকা ক্ষণা পারভিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে, সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মো. রায়হানুল ইসলাম বলেন, উত্থাপিত অভিযোগগুলো যাচাই-বাছাই করে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি এ বিষয়ে সংবাদ প্রকাশের অনুমতিও দিয়েছেন।
স্থানীয়দের মতে, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের যথাযথ তদারকি ও মনিটরিংয়ের অভাবের কারণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে এ ধরনের অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে। বাঙ্গালা ইউনিয়নের বাসিন্দারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, সেবার মান নিশ্চিতকরণ এবং দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।