ফিরোজ আল আমিন
সিরাজগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘদিন চরমপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার পর স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আত্মসমর্পণ করেছেন সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি সদস্য। আত্মসমর্পণকারীদের মধ্যে পাবনা জেলার ৪৫ জন, রাজবাড়ী জেলার ১৩ জন এবং সিরাজগঞ্জ জেলার ৭ জন রয়েছেন। তাদের পুনর্বাসন, আর্থিক সহায়তা ও আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছে সরকার।
রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)-এর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিনের উপস্থিতিতে তারা আত্মসমর্পণ করেন। এসআরবি-১২-এর তত্ত্বাবধানে এ আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আত্মসমর্পণকারীদের মধ্যে নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলার সর্বহারা পার্টি, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি ও নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য রয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন বলেন, ভুল বুঝে যারা উগ্রবাদী ও চরমপন্থি সংগঠনে যুক্ত হয়েছিলেন, তারা নিজেদের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ দমনে দক্ষতার সঙ্গে কাজ করছে। অপরাধমূলক কর্মকাণ্ড করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পার পাওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, আত্মসমর্পণকারীরা যাতে সমাজে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রী তাদের আর্থিক অনুদান দিয়েছেন। আইনি সহায়তা ও পুনর্বাসনের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে বক্তারা জানান, আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে থাকা মামলাগুলো পর্যালোচনা করে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, সেগুলোর বিচার দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তবে হত্যা, ডাকাতি, বিস্ফোরক ও অস্ত্রসংক্রান্ত অভিযোগে দায়ের করা নিয়মিত মামলাগুলো আইন অনুযায়ী চলবে।
আত্মসমর্পণকারী রাজবাড়ী জেলার বাসিন্দা ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্য সালমান বলেন, সরকার তাদের ভালো হওয়ার সুযোগ দিয়েছেন। তাই অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে ফিরছেন। এমন সুযোগ পেয়ে তিনি খুবই খুশি।
আরেক আত্মসমর্পণকারী আইনুল হোসেন বলেন, ভুল পথে চলতে গিয়ে জীবনের অনেক মূল্যবান সময় হারিয়েছেন। এভাবে তার জীবনের ১৫ বছর কেটে গেছে। এখন পরিবার-পরিজন নিয়ে সমাজে স্বাভাবিকভাবে বসবাস করে বাকি জীবন কাটাতে চান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম, এসআরবি ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবিব পলাশ, রাজশাহী রেঞ্জের ডিআইজি, এসআরবি ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সিরাজগঞ্জ ও পাবনার জেলা প্রশাসক, সিরাজগঞ্জের পুলিশ সুপারসহ এসআরবি ফোর্সেসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।
উল্লেখ্য, চরমপন্থি তৎপরতা নিয়ন্ত্রণে ১৯৯৮ সালে সিরাজগঞ্জের কামারখন্দে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের কাছে অস্ত্র জমা দিয়ে শতাধিক চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেন। পরে ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনায় পুলিশের কাছে ৫৯৬ জন এবং ২০২৩ সালের ২১ মে সিরাজগঞ্জে তৎকালীন র্যাব-১২ কার্যালয়ে সাত জেলার আরও ৩২৩ জন চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেন। এরই ধারাবাহিকতায় এবার তিন জেলার আরও ৬৫ জন আত্মসমর্পণ করলেন।