মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:
রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত বেনসন চাকমার পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটির পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে লংগদু সদর ইউনিয়নের মহাজনপাড়া এলাকায় নিহত বেনসন চাকমার নিজ বাড়িতে গিয়ে রাঙ্গামাটি জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল আলীম পরিবারের সদস্যদের হাতে এ অনুদান তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা এ.এল.এম. সিরাজুল ইসলাম, উপজেলা সেক্রেটারি তাজ মাহমুদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা সভাপতি রবিউল ইসলাম, লংগদু সদর ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল জব্বার, অ্যাডভোকেট রহমত উল্লাহ, লংগদু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুদান প্রদানকালে অধ্যাপক আব্দুল আলীম বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইনসাফভিত্তিক পূর্ণাঙ্গ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যেখানে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করবে।” তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
উল্লেখ্য, কয়েকদিন আগে লংগদু সদর ইউনিয়নের মহাজনপাড়া এলাকায় নিজ বাসায় বিদ্যুতের লাইনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুর বেনসন চাকমা (২৮) নিহত হন। তাঁর অকাল মৃত্যুতে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রদত্ত আর্থিক সহায়তা নিহতের পরিবারের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে স্থানীয়রা মনে করছেন।