খাগড়াছড়ি প্রতিনিধি, ক্যহলাচিং মারমা
“তরুণের শক্তি, খেলাধুলার গতি—এগিয়ে যাক ত্রিপুরা সমাজের ঐক্য ও প্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি সদর উপজেলার পশ্চিম গোলাবাড়ি ত্রিপুরা পাড়ার ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ত্রিপুরা ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে আয়োজিত এ টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ (বিটিজেকেএস), খাগড়াছড়ি সদর উপজেলা শাখা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কমল বিকাশ ত্রিপুরা, সভাপতি, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি ফলেন ময় ত্রিপুরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব ও তথ্য ও প্রচার সম্পাদক দহেন বিকাশ ত্রিপুরা। স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট আহ্বায়ক সোহাগ ত্রিপুরা।
বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। ত্রিপুরা সমাজের ঐক্য, সম্প্রীতি ও ক্রীড়া চর্চা বৃদ্ধিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য ও পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
পরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইমাং বাকসা ক্লাব ও বাঙালকাটি কিং ইলেভেন। বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে মোট ২৮টি দল অংশ নিচ্ছে। লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা বৃদ্ধি, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই মূল লক্ষ্য।