শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন, নতুন নাম ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’
ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জে অবস্থিত শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান। তিনি জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পূর্বের নাম পরিবর্তন করে নতুন নাম কার্যকর করা হয়েছে।
জানা গেছে, ২০১৪ সালে প্রায় ৮৮২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে সিরাজগঞ্জ শহরের নিকটবর্তী শিয়ালকোল এলাকায় প্রায় ৩০ দশমিক ৯০ একর জমির ওপর হাসপাতালটির নির্মাণকাজ শুরু হয়। নির্মাণ শেষ হওয়ার পর ২০২১ সালের আগস্টে হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে সেবা কার্যক্রম শুরু করে।
বর্তমানে হাসপাতালটিতে ২০টি বিভাগ চালু রয়েছে। এছাড়া ১৫টি ওয়ার্ড, ১৫টি অস্ত্রোপচার কক্ষ এবং ৩৮ শয্যার একটি সিসিইউ (CCU) ইউনিট সচল রয়েছে।







