কাশিয়ানীতে অবৈধ তেল মজুদে অভিযান: জরিমানা, জব্দ ৫০০ লিটার ডিজেল
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অধিক দামে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে জরিমানা করেছে জেলা প্রশাসন। এ সময় প্রায় ৫০০ লিটার ডিজেল জব্দ করে থানা হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা রাজপাট বাজারের চৌরঙ্গী এলাকায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভাটিয়াপাড়া র্যাব-৬ ও কাশিয়ানী থানা পুলিশ সহযোগিতা করে।
অভিযান চলাকালে ‘মেসার্স খান এন্টারপ্রাইজ’-এর মালিক রবিউল ইসলামকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের তেল ব্যবসায়ী মো. আলমগীর মোল্লাকে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্যদ্রব্য আইনে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে জেলার প্রতিটি ফিলিং স্টেশনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ‘ট্যাগ অফিসার’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সার্বিক তদারকির জন্য অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মনিটরিং অফিসার করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য, প্রকৌশল, পল্লী উন্নয়ন, যুব উন্নয়ন, সমাজসেবা, পরিসংখ্যান, সমবায়, প্রকল্প বাস্তবায়ন, জনস্বাস্থ্য প্রকৌশল, খাদ্য ও নির্বাচন বিভাগের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৈশ্বিক বাজারে তেলের মূল্য ও সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব কর্মকর্তা নিজ নিজ দায়িত্ব পালন করবেন। তারা প্রতিদিন পাম্পে তেলের মজুত ও বিক্রির হিসাব যাচাই, নির্ধারিত দামে বিক্রি নিশ্চিতকরণ, কৃত্রিম সংকট বা মজুতদারি পর্যবেক্ষণ এবং ভোক্তাদের অভিযোগ তাৎক্ষণিকভাবে গ্রহণ করবেন।
সম্প্রতি গোপালগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের ঘাটতি দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অনেক স্থানে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সীমিত পরিমাণ তেল নিতে হয়েছে।
এ অবস্থায় প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জেলা প্রশাসনের কর্মকর্তারা আশা করছেন, কঠোর নজরদারির মাধ্যমে দ্রুতই তেলের সরবরাহ স্বাভাবিক হবে এবং বাজারে শৃঙ্খলা ফিরে আসবে।








