গোপালগঞ্জে তিন স্কুল ভবন ও ২৩ কিমি সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন, দ্রুত উন্নয়নের বার্তা সাংসদের
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জে প্রায় ৪৫ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত পাঁচটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং ২৩ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এসব কাজ বাস্তবায়ন করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব প্রকল্প বাস্তবায়নের ফলে একদিকে শিক্ষা অবকাঠামো শক্তিশালী হবে, অন্যদিকে যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে, যা সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধন অনুষ্ঠানে এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে—গোপালগঞ্জ জেলার কোনো উন্নয়ন প্রকল্পের ফাইল যেন আটকে না থাকে। অন্যান্য জেলার মতো গোপালগঞ্জকেও সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।”
তিনি আরও বলেন, অবকাঠামোগত উন্নয়নই একটি এলাকার সার্বিক অগ্রগতির ভিত্তি। তাই শিক্ষা ও যোগাযোগ খাতে সরকারের বিনিয়োগ অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা আরও বৃদ্ধি পাবে।
স্থানীয় বাসিন্দারা জানান, নতুন সড়ক নির্মাণ ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের ফলে এলাকার শিক্ষার পরিবেশ যেমন উন্নত হবে, তেমনি ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক পরিবর্তন আসবে।








