শাহজাদপুরে হত্যা মামলার আসামি বিএনপি নেতা আটক
ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে বহুল আলোচিত এক হত্যা মামলার প্রধান আসামি ও দল থেকে বহিষ্কৃত বিএনপি নেতা সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরদিন শনিবার (৪ এপ্রিল) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সাইফুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন নজরদারি শেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে আটক করা সম্ভব হয়।
মামলার নথি সূত্রে জানা যায়, গত ২০ মার্চ চাঁদরাতের সন্ধ্যায় ঈদ সালামির প্রলোভন দেখিয়ে কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের বাসিন্দা সোহেল রানাকে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন ঈদের দিন দুপুরে মুরুটিয়া-চিনাধুকুরিয়া আঞ্চলিক সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের মা রুবি খাতুন বাদী হয়ে সাইফুল ইসলামকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ আরও জানায়, একই মামলায় রবিউল ইসলাম নামে এক সিএনজিচালক ইতোমধ্যে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ, হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ এবং মামলার আসামি হওয়ায় গত ২৫ মার্চ জেলা বিএনপি সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।








