কুষ্টিয়ায় হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:
কুষ্টিয়ায় হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আইজা নামের পাঁচ মাস ২০ বয়সী শিশুটির মৃত্যু হয়। সে কুষ্টিয়া শহরের রেনউইক এলাকার মমিনুর রহমানের মেয়ে। গত ৪দিন ধরে শিশুটি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ৩০ মার্চ সোমবার শিশুটি হাম ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে খারাপ অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আসে রোগীর অবস্থা খুব খারাপ হলে। এদিকে, এর আগে রাত সাড়ে ৯ টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৮ মাস বয়সী ইব্রাহিম নামে আরেক শিশুর মৃত্যু হয়। সে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের ছেলে। গতকাল বিকেলে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম জানান, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ৩টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। শিশুটি হাম ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়।এনিয়ে জেলায় ৪ জন শিশুর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হলো।স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় গত ২৪ ঘন্টায় নতুন ২০ জন রোগী হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩২০ জন রোগীর হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৩০ জন ভর্তি রয়েছে। এর মধ্যে চার জন শিশুর মৃত্যু হয়েছে। ৫-৬ জন শিশুর অবস্থা রয়েছে আশংকা জনক।








