কমলনগরে তোরাবগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ টি দোকান পুড়ে ছাই
মোখলেছুর রহমান ধনু
রামগতি- কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি,
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বাজারের কাপড় ও স্বর্ণকার গলির ব্যবসায়ীদের দীর্ঘদিনের তিল তিল করে গড়া স্বপ্ন এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২১ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে বাজারের স্বর্ণকার গলিতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। একটি স্বর্ণের দোকান থেকে আগুনের স্ফুলিঙ্গ দেখা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তা পাশের বড় কাপড়ের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে ২ জন স্বর্ণকারের দোকান এবং ৫ থেকে ৬টি বড় কাপড়ের দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের মতে, বাজারের গলিগুলো অত্যন্ত সংকীর্ণ হওয়ায় এবং পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। দমকল বাহিনীর যানবাহন ও ভারী সরঞ্জাম ভেতরে প্রবেশ করতে না পারায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্যতম কাপড় ব্যবসায়ী হাজী ইউসুফ। তার পুরো দোকানটিই এখন ছাই। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানে থাকা স্বর্ণালংকার, দামী কাপড় এবং ঈদের তোলা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। নিঃস্ব হয়ে পড়া ব্যবসায়ীদের কান্নায় এখন তোরাবগঞ্জ বাজারের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ীর স্বজন জানান, “মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল। অনেক স্বপ্ন নিয়ে তারা ব্যবসা পরিচালনা করছিলেন, এখন তারা সম্পূর্ণ দিশেহারা। আল্লাহ যেন তাদের এই শোক ও ক্ষতি সহ্য করার ধৈর্য দান করেন এবং পুনরায় ঘুরে দাঁড়ানোর শক্তি দেন।”








