পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে জানালার গ্রিল ও দরজার হ্যাজবল কেটে চুরির ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ের একটি আলমারি ভেঙে নগদ ৪৬ হাজার ১৩০ টাকা ও একটি ক্রেডিট কার্ড নিয়ে গেছে চোরেরা। তবে কার্যালয়ে থাকা কোনো গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র খোয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে এসে চুরির বিষয়টি দেখতে পান। পরে এ ঘটনায় পূর্বধলা থানায় লিখিত মামলা করা হয়েছে।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, চোরেরা ভবনের পেছনের একটি জানালা ও সামনের বারান্দার গ্রিল কেটে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। পরে একটি দরজার হ্যাজবল কেটে আলমারি ভেঙে নগদ টাকা ও ক্রেডিট কার্ড নিয়ে যায়।
কার্যালয়ের নৈশপ্রহরী জুয়েল মিয়া জানান, সোমবার রাত আনুমানিক ১টার দিকে তিনি কার্যালয়ের দোতলায় ঘুমাতে যান। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নিচে নেমে কার্যালয়ের ভেতরে চুরির বিষয়টি দেখতে পান।
ঘটনার তদন্তে জানা গেছে, কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা থাকলেও সেটি আগে থেকেই অচল ছিল। ফলে চুরির সময়কার কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি।
খবর পেয়ে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজা ও পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ময়মনসিংহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। তারা কেটে ফেলা গ্রিল, দরজা, আলমারি ও অন্যান্য স্থানে থাকা সম্ভাব্য আলামত পরীক্ষা-নিরীক্ষা করেছে।
পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ বলেন, ‘কার্যালয়ের একটি আলমারি থেকে নগদ ৪৬ হাজার ১৩০ টাকা ও একটি ক্রেডিট কার্ড খোয়া গেছে। তবে কোনো গুরুত্বপূর্ণ সরকারি নথি বা কাগজপত্র চুরি হয়নি।’
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে তদন্ত চলছে।