সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)-এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অবৈধ জাল ব্যবহার ও বিক্রির অভিযোগে তিনজনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে সিংড়া পৌরসভার সরকারপাড়া মহল্লায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
অভিযানে প্রায় ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে সরকারপাড়া মহল্লার মৃত হায়দার আলীর ছেলে মো. একাব্বর হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নলডাঙ্গা উপজেলার একডালা গ্রামের মৃত আমির আলী সরদারের ছেলে মো. শহীদুল সরদারকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে সরকারপাড়ার মো. আলাউদ্দিনের ছেলে মো. রাজীব হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম এবং জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)-এর সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। দুজনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চলনবিলের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
প্রশাসনের দাবি, অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের ব্যবহার চলনবিলের দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাই এসব জালের উৎপাদন, মজুত, বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।