ফিরোজ আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) বেলা ১১টার দিকে বগুড়া–নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড ও মশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো—পাবনার সাঁথিয়া উপজেলার হলুদঘর গ্রামের সবুজ প্রামাণিকের মেয়ে সারা খাতুন (৮) এবং শাহজাদপুরের গাড়াদহ ইউনিয়নের আলমগীরের ছেলে আহম্মদ (৭)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে লবণবোঝাই একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সারা খাতুন নিহত হয়। এ সময় একই সিএনজিতে থাকা একই পরিবারের সদস্যরা গুরুতর আহত হন। আহতরা হলেন—সবুজ প্রামাণিক, তার স্ত্রী মিতা, সন্তান সোহা খাতুন ও আয়ান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
অন্যদিকে একই মহাসড়কের মশিপুর গুচ্ছগ্রাম এলাকায় রাস্তা পারাপারের সময় সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় আহম্মদ ঘটনাস্থলেই নিহত হয়।
শাহজাদপুর থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও ভটভটি আটক করা হয়েছে এবং দুটি ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে।
স্থানীয়দের মতে, ব্যস্ত এই মহাসড়কে অবৈধ যান চলাচল ও অসতর্ক গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে আরও কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন।