কুষ্টিয়ায় তাপপ্রবাহ ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবিলায় গোলটেবিল বৈঠক
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া অঞ্চলে তাপপ্রবাহ, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব এবং পরিবেশগত অবক্ষয় মোকাবিলা ও বিপর্যয় রোধে করণীয় শীর্ষক সমন্বিত গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে শহরের দিশা টাওয়ারের অডিটোরিয়ামে স্বপ্নশীলন সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা, লেখক ও গবেষক নাজমুল হুদার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভিন। তিনি বলেন, কুষ্টিয়া অঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ জনজীবনকে বিপর্যস্ত করেছে, বিশেষ করে শ্রমজীবী মানুষ, নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
তিনি আরও বলেন, অনিয়মিত বৃষ্টিপাত, খরা, নদীর প্রবাহ হ্রাস, শিল্প দূষণ এবং সবুজায়নের অভাব পরিবেশ সংকটকে আরও তীব্র করে তুলছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব নারীদের ওপর বেশি পড়ছে, তাই নারী সংবেদনশীল জলবায়ু নীতি প্রণয়ন এখন সময়ের দাবি। গড়াই নদীর নাব্যতা ও পরিবেশ রক্ষা ছাড়া কুষ্টিয়ার টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
নারী উন্নয়ন শক্তি ও স্বপ্নশীলন সমাজ উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে এবং ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট ও ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের সহযোগিতায় অনুষ্ঠিত এ বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. সুলতান মুহাম্মদ রাজ্জাক এবং কুষ্টিয়া উন্নয়ন ফোরামের সমন্বয়ক সৈয়দ মিনহাজুল মনির।
বৈঠক শেষে পরিবেশগত সংকট মোকাবিলায় সরকারের কাছে বাস্তবভিত্তিক ১০ দফা প্রস্তাব ও সুপারিশমালা উপস্থাপন করা হয়।






