দীঘিনালায় মাদকবিরোধী অভিযানে যুবক আটক, উদ্ধার ১৬০ গ্রাম গাঁজা
মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬০ গ্রাম গাঁজাসহ মোঃ শহীদুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শফিকুল ইসলাম শফিক সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে উপজেলার ০১নং ছোট মেরুং ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের সোবাহানপুর রাবার ফ্যাক্টরি পাড়া কেন্দ্রের সামনে পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত শহীদুল ইসলামের কাছে থাকা একটি লাল রঙের শপিং ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো ১৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শহীদুল ইসলাম মেরুং ইউনিয়নের সোবাহানপুর এলাকার বাসিন্দা মোঃ আলী আহমেদের ছেলে।
এ ঘটনায় এসআই মোঃ শফিকুল ইসলাম শফিক বাদী হয়ে দীঘিনালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-০১; তারিখ-১১ এপ্রিল ২০২৬।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মামলার তদন্তভার এসআই চয়ন হালদারের ওপর ন্যস্ত করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।








