তাড়াশে সাইফুলের মাথা গোঁজার ঠাঁই
ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধ:
পলিথিনের জরাজীর্ণ ঘরে প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মানবেতর জীবন কাটানো সাইফুল ইসলামের দুর্দশার খবর গণমাধ্যমে প্রকাশের পর তার দিন বদলাতে শুরু করেছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপে তিনি অবশেষে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন।
সোমবার দুপুরে তাড়াশ পৌর শহরের ফাজিল মাদ্রাসা সংলগ্ন সাইফুলের ঝুপড়ি ঘরে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। তিনি তাৎক্ষণিকভাবে ঘর তৈরির জন্য ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান করেন। ইউএনও নুসরাত জাহান জানান, “সাইফুলের জন্য একটি স্থায়ী সরকারি ঘরের ব্যবস্থা করা হচ্ছে। তার প্রতিবন্ধী সন্তানের চিকিৎসা ও স্থায়ী পুনর্বাসনের জন্যও উপজেলা প্রশাসন ব্যবস্থা নেবে।
প্রশাসনের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক মহলও সাইফুলের পাশে দাঁড়িয়েছে। পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম তার বাড়িতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বাজার পৌঁছে দিয়েছেন।
দীর্ঘদিন ধরে অভাবের সাথে লড়াই করা সাইফুল তার প্রতিবন্ধী সন্তানকে আগলে রেখেছেন। গণমাধ্যমে তার মানবিক চিত্র উঠে আসার পর থেকেই সহায়তার জোয়ার শুরু হয়। সংবাদপত্রের ইতিবাচক ভূমিকা ও প্রশাসনের ত্বরিত পদক্ষেপে স্থানীয় সুধী সমাজ সন্তোষ প্রকাশ করেছে। সাইফুল এখন একটি নিরাপদ আশ্রয়ে ফেরার স্বপ্ন দেখছেন।








