খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা : দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, এলাকায় উত্তেজনা
মোঃ মাসুদ রানা
বিশেষ প্রতিনিধি:
খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত খীসা) গ্রুপের সদস্য নিউটন চাকমা ওরফে নির্মল (৪৭)কে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনার জন্য ইউপিডিএফ-গণতান্ত্রিক পক্ষকে দায়ী করেছে ইউপিডিএফ-প্রসীত গ্রুপ, যদিও অভিযোগ অস্বীকার করেছে প্রতিপক্ষ।
বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াছড়ি ইউনিয়নের আকবাড়ি এলাকায় একটি দোকানের পাশে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত নিউটন চাকমা রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবঘোনা গ্রামের মৃত সোনাধন চাকমার ছেলে। তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবারসহ বসবাস করতেন।
ইউপিডিএফ-প্রসীত পক্ষের মুখপাত্র অংগ্য মারমা জানান, সকালে নিউটন চাকমাসহ দুইজন সংগঠনের সদস্য সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় যান। এ সময় মাইসছড়ির দিক থেকে মোটরসাইকেলে করে আসা ৮ জনের একটি সশস্ত্র দল অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। হামলার সময় একজন পালিয়ে প্রাণে রক্ষা পেলেও নিউটন চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও অভিযোগ করেন, ইউপিডিএফ-গণতান্ত্রিক দলের সদস্য অজিত চাকমার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
তবে ইউপিডিএফ-গণতান্ত্রিক দলের কেন্দ্রীয় সংগঠক অমর জ্যোতি চাকমা এ অভিযোগ অস্বীকার করে বলেন, “এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল হতে পারে। পাহাড়ে একাধিক সংগঠন সক্রিয় রয়েছে—তাদের কেউ এ ঘটনা ঘটাতে পারে।”
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “লাশ উদ্ধারের পর তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে।”
উল্লেখ্য, এর আগে গত ২৭ মার্চ পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ-গণতান্ত্রিক দলের নেতা নীতিদত্ত চাকমা (৪০) নিহত হন। তিনি সংগঠনটির পানছড়ি উপজেলা সমন্বয়ক ছিলেন। ওই ঘটনার জন্য ইউপিডিএফ-গণতান্ত্রিক ইউপিডিএফ-প্রসীত পক্ষকে দায়ী করেছিল।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৫ নভেম্বর প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ থেকে পৃথক হয়ে একদল নেতা-কর্মী ইউপিডিএফ (গণতান্ত্রিক) নামে নতুন রাজনৈতিক দল গঠন করে।








