কামাল হোসেন খানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অভয়নগর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ
যশোর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে দপ্তর সম্পাদক মোঃ কামাল হোসেন খানকে ঘিরে মিথ্যা ও মনগড়া অভিযোগ এবং তাকে ‘কথিত সাংবাদিক’ হিসেবে উল্লেখ করে মানববন্ধন কর্মসূচি পালনের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে অভয়নগর প্রেসক্লাব।
মঙ্গলবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে একজন পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার সম্মানহানির চেষ্টা করছে। তারা এ ধরনের কর্মকাণ্ডকে দুঃখজনক, নিন্দনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার শুধু একজন ব্যক্তির সুনাম ক্ষুণ্ন করে না, বরং সামগ্রিক সাংবাদিক সমাজের স্বাধীনতা ও মর্যাদার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাভাবিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ বলেও মন্তব্য করেন নেতৃবৃন্দ।
প্রেসক্লাব নেতৃবৃন্দ সংশ্লিষ্টদের প্রতি অবিলম্বে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সতর্ক করেন, ভবিষ্যতেও যদি এ ধরনের মিথ্যা প্রচারণা অব্যাহত থাকে, তবে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, অভয়নগর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রকাশিত এ নিন্দা বিবৃতিতে সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা স্বাক্ষর প্রদান করেছেন।








