দীঘিনালায় তেলের তীব্র সংকট চরমে, পাম্পে “তেল নেই” স্টিকার—স্থবির জনজীবন, ভোগান্তিতে চালক ও পর্যটক
মোঃ হাচান আল মামুন
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট ভয়াবহ রূপ নিয়েছে। পবিত্র ঈদুল ফিতরের আগে শুরু হওয়া এই সংকট ঈদের পরও অব্যাহত থাকায় কার্যত স্থবির হয়ে পড়েছে জনজীবন। চরম দুর্ভোগে পড়েছেন যানবাহন চালক, সাধারণ মানুষ ও দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা।
আজ বুধবার (২৫ মার্চ) সরেজমিনে উপজেলার বিভিন্ন তেল পাম্প ঘুরে দেখা যায়, অধিকাংশ পাম্পেই “তেল নেই”, “ডিজেল নেই” ও “অকটেন নেই” লেখা স্টিকার ঝুলছে। কোথাও পাম্প খোলা থাকলেও সরবরাহ সংকটের কারণে বিক্রি কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। অনেক পাম্পে দিনের পর দিন কোনো তেল সরবরাহ না আসায় কর্মচারীরাও অলস বসে থাকতে দেখা গেছে।
তেল পাওয়ার আশায় পাম্পগুলোর সামনে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন গ্রাহকরা। কিন্তু অপেক্ষার প্রহর গুনেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। এতে করে একদিকে যেমন দৈনন্দিন যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, অন্যদিকে পণ্য পরিবহনেও তৈরি হয়েছে অচলাবস্থা, যার প্রভাব পড়তে শুরু করেছে স্থানীয় বাজার ব্যবস্থায়।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালকরা। বিশেষ করে পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালির উদ্দেশ্যে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাইকাররা তেল সংকটের কারণে মাঝপথেই যাত্রা স্থগিত করতে বাধ্য হচ্ছেন। এতে শুধু ভোগান্তিই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার পর্যটন শিল্প ও স্থানীয় ব্যবসায়ীরাও।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ঈদের আগেই জ্বালানি সংকট শুরু হলেও এখনো পর্যন্ত তা নিরসনে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতায় পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।
দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করা, মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিকল্প সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অন্যথায় এই সংকট আরও দীর্ঘস্থায়ী হলে জনজীবনে ভয়াবহ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন








