২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে লংগদুতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
২৫ মার্চ ১৯৭১ এর বর্বরোচিত গণহত্যার স্মৃতিচারণ, আলোচনা ও শহীদদের স্মরণে লংগদু উপজেলা প্রশাসনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ (বুধবার) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লংগদু উপজেলা প্রশাসন আয়োজিত ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যায় শহীদদের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময়ে সভায় উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) লংগদু উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা সেক্রেটারি তাজ মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি হাফেজ আব্দুল মতিন ও উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার মীর শাহ নেওয়াজ চৌধুরী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠনের প্রধান, লংগদু থানা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, আনসার ব্যাটালিয়ন, আনসার ভিডিপি এবং ফায়ার সার্ভিসের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নে ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, লংগদু প্রেসক্লাব প্রতিনিধি, ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ১৯৭১ সালের ২৫ মার্চের বর্বরোচিত গণহত্যায় শহীদদের স্মৃতি চারণ করে বিস্তারিত আলোচনা করা হয় এবং ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গণহত্যায় নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।








