ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পাবনার ভাঙ্গুড়ায় দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান আলী। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা জেলা কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান, সাবেক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাহার বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির মুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক পিন্টু পরি, সিনিয়র সাংবাদিক মো. সাইফুল ইসলাম, মো. রেজাউল করিম এবং দৈনিক সময় বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি প্রভাষক গিয়াস উদ্দিন সরদারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এছাড়াও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ২৪ বছরের পথচলায় এনটিভি দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরে গণমানুষের আস্থা অর্জন করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি গণমাধ্যমে তার সুনাম ও বিশ্বাসযোগ্যতা আরও সমৃদ্ধ করবে।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং এনটিভির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথিদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।