ফুলবাড়িয়ার সাবেক এমপি এড. মুছলেম উদ্দিনের ইন্তেকাল
মকবুল হোসেন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ-০৬ (ফুলবাড়িয়া) আসনের একাধিকবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সাবেক গণপরিষদ সদস্য এবং বিশিষ্ট আইনজীবী এডভোকেট মুছলেম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২ মে) সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার ধানমন্ডিস্থ জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত এড. মুছলেম উদ্দিন ১৯৭০ সালের গণপরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন আইনজীবী।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে এডভোকেট ইমদাদুল হক সেলিম।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরহুমের জানাজা আগামীকাল ৩ মে রবিবার সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে, বেলা ৩টায় ফুলবাড়িয়া হাইস্কুল মাঠে এবং বিকাল ৫টায় আলহাজ্ব মোঃ মুছলেম উদ্দিন এতিমখানা মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে উপজেলার নিউগি কুশমাইল নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।


