ময়মনসিংহে স্কুলশিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, আটক ২
মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় সিয়াম (১৫) নামে এক স্কুলশিক্ষার্থীকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুক্তাগাছা উপজেলার পদুরবাড়ি হাই স্কুল মাঠে বৈশাখী মেলায় অংশ নিতে বন্ধুদের সঙ্গে যায় সিয়াম। মেলায় বন্ধুদের দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সিয়ামকে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শুক্রবার (১ মে) ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সিয়াম উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে এবং স্থানীয় মানকোন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।


