কমলনগরে ক্রয়কৃত জমি দখলে বাধা, হামলা ও ভাঙচুরের অভিযোগ
মোখলেছুর রহমান ধনু
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নে ক্রয়কৃত জমি দখলে বাধা, গাছপালা লুটপাট এবং এক প্রবাসী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় একটি পক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী মোহাম্মদ আব্দুস সহিদ অভিযোগ করে বলেন, তিনি হাজিরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা বজলুর রহমানের ছেলে। স্থানীয় রফিক উল্লাহর কাছ থেকে তিনি ১৮ শতাংশ বসতভিটা ক্রয় করেন। জমি কেনার পর থেকেই একই এলাকার হাসান, শাহিনুর ও শামীমসহ কয়েকজন ব্যক্তি তাকে জমিতে প্রবেশে বাধা দিয়ে আসছে।
অভিযোগে তিনি আরও জানান, বিবাদীরা তার জমির গাছপালা ও ফলমূল লুটপাট করে নিয়ে যায় এবং জমির মাটিও কেটে নেয়। এসব ঘটনায় প্রতিবাদ জানালে তারা তার ওপর অতর্কিত হামলা চালায় এবং ঘরবাড়ি ভাঙচুর করে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
হামলার সময় তার স্ত্রী কমলা খাতুন ও দুই মেয়ে বাধা দিতে গেলে তাদেরও মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
কান্নাজড়িত কণ্ঠে আব্দুস সহিদ বলেন,
“প্রবাসে কষ্ট করে উপার্জন করা টাকা দিয়ে জমি কিনেও এখন নিজের জমিতে যেতে পারছি না। তারা আমাদের মারধর করছে এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা চাই।”
অন্যদিকে অভিযুক্ত হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি তাদেরই মালিকানাধীন। তার দাবি, “আমরা আমাদের জমি দখল করছি, সহিদ পক্ষই আমাদের কাজে বাধা দিচ্ছে এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।”
এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


