ছিনতাইয়ের ফাঁদে প্রাণ গেল নাঈমের : তাড়াশে গ্রেপ্তার যুবক, উদ্ধার অটোরিকশা
ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অটোরিকশাচালক নাঈম হোসেন (২৫) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে অগ্রগতি অর্জন করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) সকালে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের পাড় থেকে নাঈম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন তিনি।
ঘটনার পরপরই পুলিশ তদন্তে নেমে দ্রুত অগ্রগতি অর্জন করে। একই দিন রাতে জেলার তাড়াশ উপজেলা থেকে মো. শামীম উদ্দিন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতী গ্রামের একটি স্থান থেকে নিহতের অটোরিকশাটি উদ্ধার করা হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার স্বীকারোক্তির ভিত্তিতেই অটোরিকশাটি উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। দ্রুত সময়ের মধ্যে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।


