কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইনের ওপর অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রেললাইনের ওপর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার বাহিরচর ইউনিয়নের বাঁকা পুল সংলগ্ন এলাকায় রেললাইনের মাঝখানে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা ভেড়ামারা থানায় খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে প্রাথমিক সুরতহাল শেষে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে মরদেহের প্যান্টের পকেটে থাকা একটি মানিব্যাগ থেকে একটি পরিচয়পত্র (আইডি কার্ড) পাওয়া যায়। ওই আইডি কার্ডের সূত্র ধরে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মাদারীপুর জেলার বাসিন্দা হতে পারেন।
ঘটনাটি রেললাইনের ওপর ঘটায় পরবর্তীতে পোড়াদহ রেলওয়ে (জিআরপি) পুলিশকে অবহিত করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে। পাশাপাশি এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—তা উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।



