নাটোরের সিংড়ায় জমি নিয়ে সংঘর্ষ: নারীসহ আহত অন্তত ৩০
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পাড়িল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাড়িল গ্রামের সিরাজুল ইসলাম ও আবুল কালাম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমিতে ধান কাটার শ্রমিকদের জন্য ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে সিরাজুল গ্রুপের আহতদের মধ্যে রয়েছেন— সিরাজুল ইসলাম, আইনুল হক, আব্দুল আজিজ, শহিদুল, আসাদ, রুবেল, ফরহাদ, হাফিজ, শাকিল ও রায়হানসহ অন্তত ১৫ জন।

অন্যদিকে আবুল কালাম গ্রুপের আহতদের মধ্যে রয়েছেন— হাসি বেগম, মাফুজুল, মুর্শেদুল, মহসিন, ইসলাম, রহিদুল, রব্বেল, রাব্বানী, সুমন, মিলন ও আলামিনসহ অন্তত ১৫ জন।
আহতদের উদ্ধার করে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠান।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


