আশার উদ্যোগে নওয়াপাড়ায় মৎস্যচাষ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ
যশোর প্রতিনিধি:
মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধি ও চাষিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে যশোরের নওয়াপাড়ায় দিনব্যাপী মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) আশা-যশোর সদর জেলার উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে নওয়াপাড়া ও মনিরামপুর অঞ্চলের ৩০ জন মৎস্যচাষী অংশগ্রহণ করেন।
নওয়াপাড়া ইনস্টিটিউট হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ, পুকুর ব্যবস্থাপনা, সুষম খাদ্য প্রয়োগ, রোগ প্রতিরোধ এবং বাজারজাতকরণ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করে প্রশিক্ষণটি সাজানো হওয়ায় অংশগ্রহণকারীরা এটিকে অত্যন্ত কার্যকর বলে মত দেন।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল মামুন। বিশেষ অতিথি ছিলেন অভয়নগর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার। তারা বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করলে স্বল্প খরচে অধিক উৎপাদন সম্ভব এবং যথাযথ প্রশিক্ষণ একজন চাষিকে সফল উদ্যোক্তায় পরিণত করতে সহায়ক।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা-যশোর সদর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার শেখ ফিরোজ আহমদ, রিজিওনাল ম্যানেজার প্রশান্ত কুমার চাকি এবং ব্রাঞ্চ ম্যানেজার সুজা আহমেদ লাভলুসহ অন্যান্য কর্মকর্তারা। তারা জানান, ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে আশা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী চাষিরা জানান, তারা নতুন অনেক তথ্য ও কৌশল শিখেছেন, যা বাস্তবে প্রয়োগ করে উৎপাদন বৃদ্ধি সম্ভব। বিশেষ করে রোগ প্রতিরোধ ও পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রাপ্ত জ্ঞান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় মৎস্যখাত আরও সমৃদ্ধ হবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।



