এক খণ্ড জায়গা নিয়ে বিরোধ: ঢাকা যাওয়ার পথে পল্লী চিকিৎসকের মৃত্যু
নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক খণ্ড জায়গা নিয়ে প্রতিবেশীর সাথে বিরোধ ও ঝগড়ার পর ঢাকা যাওয়ার পথে রাস্তায় ঢলে পড়ে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম জাহেদুল ইসলাম (৪৫)। তিনি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার চৌমুহনী এলাকার মৃত মাওলানা আবুল মোজাফফরের পুত্র। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব মাহালিয়া চিতা মুড়া গ্রামে স্থায়ীভাবে পরিবার নিয়ে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে পল্লী চিকিৎসক জাহেদুল ইসলামের সাথে তার প্রতিবেশী আফসার নামক এক ব্যক্তির এক খণ্ড জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই নিয়ে দফায় দফায় তাদের মধ্যে ঝগড়া হয়েছে। গতকাল এবং আজকেও তাদের মধ্যে বিবাদ হয়।
বিরোধের কোনো সমাধান না হওয়ায়, জাহেদুল ইসলাম আজ দুপুরে আত্মীয়দের সাথে পরামর্শ করার উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু কেরানিহাটের কাছাকাছি পৌঁছালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় ঢলে পড়েন। পথচারী ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে আশশেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য যে, জাহেদুল ইসলাম একসময় পূর্ব মাহালিয়া ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।







