গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন আহ্বায়ক কমিটি গঠন, যুগ্ম আহ্বায়ক মোঃ শিহাব উদ্দিন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে ‘গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আলোকিত প্রতিদিন-এর জেলা প্রতিনিধি মোঃ শিহাব উদ্দিন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের এক নম্বর কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় জেলার বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মোঃ শিহাব উদ্দিন বর্তমানে দৈনিক আলোকিত প্রতিদিন-এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গোপালগঞ্জ প্রেসক্লাবের সদস্য এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন। দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় সক্রিয় এই সংবাদকর্মী স্থানীয় গণমাধ্যম অঙ্গনে পরিচিত মুখ।
সভায় বক্তারা বলেন, জেলার প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য ও অধিকার রক্ষায় নতুন এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি সাংবাদিকদের মধ্যে সমন্বয় বাড়াবে এবং পেশাগত নানা চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেবে।
সভা শেষে উপস্থিত সাংবাদিকরা সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটির প্রতি সমর্থন জানান। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে সবাই মিলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।








