কুষ্টিয়ায় বস্তাবন্দি নবজাতকের লাশ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে পুকুর থেকে এক অজ্ঞাতনামা নবজাতক কন্যা শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার পান্টি ইউনিয়নের খাগড়বাড়িয়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পান্টি ইউনিয়নের খাগড়বাড়িয়া এলাকার আজিজুর রহমানের বড় পুকুরে কয়েকজন যুবক হাত দিয়ে মাছ ধরছিল। এসময় এক যুবকের হাতে একটি ভারী বস্তা উঠে আসে। তখন তারা ভাবে বস্তায় মাছ আছে। কিন্তু বস্তার মুখ খুলে দেখে কাপড়ে মোড়ানো এক নবজাতক কন্যা শিশুর মরদেহ। এ খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় করেন এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন,”স্থানীয়রা মাছ ধরতে গিয়ে পুকুর থেকে এক কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। তবে এখন পর্যন্ত নবজাতকটির বাবা-মায়ের পরিচয় জানা যায়নি।”








