মো. মোমিন জাদরান, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সঙ্গে উপজেলার কর্মরত সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় নবাগত ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, “দুর্গাপুর উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সরকারি নীতিমালার আলোকে জনগণের কল্যাণে কাজ করতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগে জনগণের দোরগোড়ায় সেবার মান আরও বাড়ানো সম্ভব। স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি জীবন আলী সবুজ (কোরবান), সাধারণ সম্পাদক জাকির হোসেন (বাবলু), যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোমিন জাদরান, আব্দুল্লাহ আল-শামস সবুজ, মশিউর রহমান মানিক, ফরিদ আহমেদ আবির ও আবুল হাসনাত।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম, রাকিবুল ইসলাম, ফয়সাল মাহমুদ, মুন্না ইসলাম আগুন, আশরাফুল ইসলাম, শাহিনুর রহমান, সেলিম রেজা, মো. শাহিন, আলামিন, মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
অনুষ্ঠান শেষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকরা তাকে স্বাগত জানান।