আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বাজারে সবার নজর কাড়ছে একটি বিশাল আকারের ক্রস শাহীওয়াল গরু—যাকে স্থানীয়ভাবে “দিনাজপুরের সম্রাট” নামে পরিচিত করা হচ্ছে। প্রায় ১ হাজার কেজিরও বেশি ওজনের এই দৃষ্টিনন্দন গরুটির দাম হাঁকা হয়েছে ১২ লাখ টাকা।
পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া মধ্যদুর্গাপুর গ্রামের মেসার্স রাজ্জাক ট্রেডার্সের খামারে গরুটি প্রস্তুত করা হয়েছে। খামারের সত্ত্বাধিকারী আব্দুর রাজ্জাক দীর্ঘ প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে দেশীয় ও প্রাকৃতিক খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে গরুটিকে লালন-পালন করে এই পর্যায়ে নিয়ে এসেছেন।
খামারী আব্দুর রাজ্জাক জানান, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে যত্ন নিয়ে গরুটিকে বড় করা হয়েছে। তবে তাপমাত্রাজনিত কিছু সমস্যার কারণে আপাতত গরুটিকে হাটে নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে খামার থেকেই ক্রেতাদের জন্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে গরুটি দেখতে ও কিনতে আগ্রহী ক্রেতাদের ভিড় বাড়ছে। বিভিন্ন স্থান থেকে সম্ভাব্য ক্রেতারা যোগাযোগ করছেন এবং যথেষ্ট সাড়া মিলছে বলে তিনি আশা প্রকাশ করেন যে, ঈদের আগেই গরুটির উপযুক্ত মূল্য পাওয়া যাবে।
স্থানীয়ভাবে এই বিশাল গরুটি কোরবানির পশুর বাজারে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন এলাকাবাসী। অনেকে এটিকে পার্বতীপুরের এবারের ঈদ বাজারের অন্যতম আকর্ষণ হিসেবে দেখছেন।