কমলনগরে চর লরেন্স বাজারে চুরি বৃদ্ধি: পুলিশি তৎপরতা জোরদারের দাবি
মোখলেছুর রহমান ধনু
রামগতি কমলনগর লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স বাজারে সম্প্রতি একাধিক চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বাজার পরিচালনা কমিটি সংবাদ সম্মেলন করেছে।
রবিবার বিকাল ৩টায় বাজার পরিচালনা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বাজারের নিরাপত্তা জোরদার এবং পুলিশি টহল বৃদ্ধির দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাজার কমিটির সিনিয়র সহ-সভাপতি হাচান মাহামুদ (টিটু), সহ-সভাপতি মো. শাহব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান পাটোয়ারী, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন (ডিপটি), ব্যবসায়ী নুর উদ্দিন, তুহিন, শাহিন ইকবাল এবং সম্মানিত সদস্য মো. মহি উদ্দিনসহ অন্যান্য ব্যবসায়ীরা।
বক্তারা জানান, সাম্প্রতিক সময়ে বাজারে ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে, যার ফলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেক দোকানদার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা বলেন, বাজারে নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা থাকলেও তা পর্যাপ্ত নয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাজারে বর্তমানে ৩ জন নাইট গার্ড নিয়োজিত রয়েছে এবং তাদের জন্য মাসিক প্রায় ২১ হাজার টাকা ব্যয় হয়। এছাড়া পরিচ্ছন্নতাকর্মী (মালি) বাবদ ১৩ হাজার টাকা, কালেকশন বাবদ ৫ হাজার টাকা, অফিস ব্যয় ৪ হাজার টাকা এবং অন্যান্য খাতে প্রায় ২ হাজার টাকা ব্যয় হয়। বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৪০০ টাকা হারে চাঁদা সংগ্রহ করে এসব ব্যয় নির্বাহ করা হয়।
বাজার কমিটির নেতারা অভিযোগ করেন, এত ব্যয় সত্ত্বেও চুরি ঠেকানো সম্ভব হচ্ছে না। তাই দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চর লরেন্স বাজারে নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি, সিসিটিভি স্থাপন এবং নিরাপত্তা জোরদারের মাধ্যমে ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনের শেষে বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও ইঙ্গিত দেন ব্যবসায়ীরা।







