সিরাজগঞ্জে ১৫১০ লিটার জ্বালানি তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অবৈধভাবে মজুত করা ১ হাজার ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে মবুপুর বাজারের ব্যবসায়ী হাসমত আলী ও আব্দুস সালামের দোকানে অভিযান চালানো হয়। এ সময় হাসমত আলীর দোকান থেকে ৬০০ লিটার পেট্রোল ও ৪০০ লিটার ডিজেল এবং আব্দুস সালামের দোকান থেকে ৪২০ লিটার পেট্রোল, ৮৫ লিটার ডিজেল ও ৫ লিটার অকটেন উদ্ধার করা হয়। মোট উদ্ধার জ্বালানির পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৫১০ লিটার।
তিনি আরও জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত তেল তাৎক্ষণিকভাবে স্থানীয়দের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুত ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








