শাহ আমানত বিমানবন্দরে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ; ৬ লাখ টাকা রাজস্ব আদায়
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাস্কাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ, এনএসআই এবং কাস্টমস কর্মকর্তাদের এক যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে মাস্কাট থেকে আসা ‘সালাম এয়ার’-এর একটি ফ্লাইটে আতিকুর রহমান নামের এক যাত্রী চট্টগ্রামে অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ইন্টেলিজেন্স ও এনএসআই-এর একটি দল ওই যাত্রীর ওপর নজরদারি শুরু করে। পরবর্তীতে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করে ব্যাগেজ তল্লাশি করা হলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, অভিযুক্ত যাত্রী আতিকুর রহমানের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী এলাকায়। নিয়ম অনুযায়ী তার কাছ থেকে জব্দ হওয়া সিগারেটের বিপরীতে প্রায় ৬ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। সিগারেটগুলো ‘ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম’ মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে ওই যাত্রীকে প্রথমবারের মতো মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্যের অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে শাহ আমানত বিমানবন্দরে নিরাপত্তা ও তল্লাশি কার্যক্রম আগের চেয়ে কড়াকড়ি করা হয়েছে। চোরাচালান ও শুল্ক ফাঁকি রোধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।








