নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের শতভাগ যুবকের কর্মসংস্থান নিশ্চিত করে তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দেওয়ার অন্যতম উদ্দেশ্য হলো শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং তাদের মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা। তৃণমূল পর্যায় থেকে খেলাধুলার বিকাশ ঘটিয়ে দেশে নতুন করে ক্রীড়াজাগরণ সৃষ্টি করতে সরকার কাজ করছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর গ্র্যান্ড মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরপুর রহিম ফুটবল একাদশ ও লক্ষীপুর একাদশের মধ্যকার ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি। খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় পুরো মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিমন্ত্রী বলেন, ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার বিকাশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে। এর মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মাঠমুখী করার পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনের জন্য নতুন প্রতিভা খুঁজে বের করা হবে।
তিনি আরও বলেন, ‘নতুন করে আমাদের দেশে খেলাধুলাকে ঘিরে যে জাগরণ তৈরি হয়েছে, সেই জাগরণকে কাজে লাগিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে চাই। তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি করে দেশের খেলাধুলাকে আরও শক্তিশালী করাই সরকারের লক্ষ্য।’
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান। তিনি বলেন, খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৃণমূল পর্যায় থেকে কাজ করা হচ্ছে। যুব সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে।
তিনি আরও বলেন, খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, পেশা হিসেবেও প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিতে হবে। এতে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং তারা দেশের জন্য সম্পদে পরিণত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা ও দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মফিজ উদ্দিন আহমেদ ফরিদ, জেলা প্রশাসক মো. আবু সাঈদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন, স্থানীয় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রমজান আলী, বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের উপস্থাপিকা দীপ্তি চৌধুরী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন।
এ ছাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আযম চৌধুরী, সাবেক সদস্য সচিব মো. আজিজুর রহমান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরাফাত উল্লাহ, চাতলপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা বিএনপি নেতা আজদু মেম্বার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, উপজেলা যুবদলের সভাপতি মো. জামাল আহমেদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।
দিনের শেষ পর্বে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।