দিনাজপুর দক্ষিণ প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসকের জাল স্বাক্ষরে নাগরিকত্ব সনদ তৈরি করে ভোটার হওয়ার চেষ্টার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের লৌহজং এলাকার মুহিন হোসেন বোরহান বিরামপুরের ঠিকানা ব্যবহার করে তৈরি একটি নাগরিকত্ব সনদ নিয়ে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাচন কার্যালয়ে ভোটার হতে যান। সনদটিতে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোছা. তানজিনা খাতুনের স্বাক্ষর জাল করা হয়েছে বলে সন্দেহ হয়।
এ ঘটনায় মুহিনের বাবা মনির হোসেনকে (৫২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জাল নাগরিকত্ব সনদ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিরামপুর নতুন বাজারের সুমন কম্পিউটারের স্বত্বাধিকারী সাইদুর জামান সুমনকে (৩৮) আটক করা হয়।
এ ঘটনায় বিরামপুর পৌরসভার নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক/কম্পিউটার অপারেটর রিয়াজুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে বিরামপুর থানায় মামলা করেন। মামলায় জাল স্বাক্ষরের মাধ্যমে নাগরিকত্ব সনদ তৈরি এবং সেটি আসল হিসেবে ব্যবহার করে প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ সাইদুর জামান সুমনের কম্পিউটার ও স্ক্যানার জব্দ করেছে।
বিরামপুর থানার ওসি (তদন্ত) শামীম আল মামুন বলেন, ইউএনও ও পৌর প্রশাসকের জাল স্বাক্ষরে নাগরিকত্ব সনদ তৈরির ঘটনায় করা মামলায় আটক দুজনকে শুক্রবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।