মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ হাজার ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার রাত ৮টার দিকে ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন চুরখাই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সিবিএমসিবি মেডিকেল কলেজের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে ইয়াবাসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নেত্রকোনার কমলাকান্দা থানার বড়ুয়াকোনা গ্রামের মৃত সাইদুল হকের ছেলে মো. হুমায়ুন রশিদ সবুজ (৩৮) এবং দুর্গাপুর থানার বায়রাউঢ়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে রাকিব খান (২২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে তাদের কাছ থেকে মোট ৪ হাজার ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।